আগরতলা।। গোটা রাজ্যে মহা সাড়ম্বরে উদযাপিত হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। ভাদ্র মাসের শেষ দিনে সৃষ্টির কারিগর বাবা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি সকলেই।

সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িঘর, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, কল-কারখানা, ওয়ার্কশপ, গ্যারেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় জাঁকজমকপূর্ণভাবে দেবশিল্পী বিশ্বকর্মার পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে।

কোথাও থিমের মণ্ডপ, কোথাও আবার সাবেকি সাজে পূজা হচ্ছে। মন্ত্র উচ্চারণ, ঢাকের বাদ্য, ধূপ-ধুনোর গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। কারিগর ও শ্রমিকদের বিশ্বাস, বিশ্বকর্মা পূজা করলে যন্ত্রপাতি ভালো থাকে এবং কাজে সমৃদ্ধি আসে। তাই এদিন সকল যন্ত্রপাতি, গাড়ি ও কল-কারখানার মেশিনকে ধুয়ে-মুছে ফুল-চন্দন দিয়ে পূজা করা হয়। পূজা শেষে চলছে প্রসাদ বিতরণ।

ভক্তদের মধ্যে প্রসাদ নেওয়ার জন্য ছিল ব্যাপক উৎসাহ। বিভিন্ন জায়গায় সকাল থেকেই মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। সকলে একত্রিত হয়ে এই উৎসবে সামিল হয়েছেন। সব মিলিয়ে বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে গোটা রাজ্যে যেন এক মিলন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *