আগরতলা।। রাজ্য সরকারের কাছে পড়ে থাকা জানজাতিদের ১৪টি কাস্টোমারি ল দ্রুত অনুমোদনের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছেন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিরা। সোমবার তারা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে গিয়ে সাক্ষাৎ করে দাবি সনদ পেশ করেন।
এদিন এডিসি এর মুখ্য কার্য নির্বাহী সদস্যের কাছেও ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি দ্রুত যেন ১৪টি কাস্টোমারি ল অনুমোদন করা হয়। জনজাতির চাইছেন তাদের সংস্কৃতি রীতি নীতি অনুযায়ী যেন পরিচালিত হতে পারেন। এর জন্যে কাস্টোমারি ল জরুরি। একমাত্র চাকমাদের কাস্টোমারি ল ছাড়া আর কোনো জনগোষ্ঠীর কাস্টোমারি ল এখনো চালু হয়নি। এখনো সেই প্রস্তাব রাজ্যপাল ও এডিসি প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে।
নিজেদের কাস্টমারি ল-এর স্বীকৃতি ও বাস্তবায়নের দাবি পূরণ হবে বলে তারা আশাবাদী। অন্যথায় আন্দোলনে যেতে পিছপা হবেন না বলে জানিয়ে দেন। এদিন প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দল জানিয়েছে। এখন কবে এর অনুমোদন হয় সেই অপেক্ষাতেই আছেন তারা।
