আগরতলা।। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবার ব্যবস্থা পর্যালোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খারচি পূজা ও মেলা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান খার্চি পূজা একটি ঐতিহ্যবাহী পূজা হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে। খার্চি পূজায় প্রতিবছরই লক্ষ লক্ষ লোকের জনসমাগম ঘটে এবং এই ঐতিহ্যবাহী খারচি মেলা রাজ্যে কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক।

তাই খার্চি মেলাতে আগত ভক্ত প্রাণ মানুষ এবং এই মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা যারা পসরা সাজিয়ে বসেন তাদের যেন কোন প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আশা করেন সকলের সহযোগিতা এবং আন্তরিকতায় খার্চি একটি মিলন মেলায় পরিণত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *