আগরতলা।। এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক তিন বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় দালাল! পুলিশের দাবি, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা বিমানবন্দর এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই তিন মহিলা।
তাদের সঙ্গে থাকা ভারতীয় যুবক মাজহারুল ইসলামকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ইনচার্জ শ্যামল দেবনাথ জানান গোপন সূত্রে খবর, এমবিবি এয়ারপোর্ট এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক ঘোরাফেরা করছেন। খবর পেয়েই বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ।
এয়ারপোর্ট এলাকায় গিয়ে তিনজন মহিলা এবং একজন পুরুষকে দেখতে পেয়ে তাদের আটক করা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিন মহিলা জানান, তাদের বাড়ি বাংলাদেশের খুলনায়। সুনামুড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা।পুলিশের বক্তব্য অনুযায়ী, ভারতীয় নাগরিক মাজহারুল ইসলাম ওই তিন মহিলাকে নিয়ে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে এমবিবি এয়ারপোর্টে এসেছিলেন।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিমানের টিকিট। তবে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এরপর চারজনকেই এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা গ্রহণ করে পুলিশ।শুক্রবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয় তাদের।
পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না। কী উদ্দেশ্যে ওই তিন মহিলা ভারতে প্রবেশ করেছিলেন, সেই বিষয়েও তদন্ত চালানো হবে।
তবে প্রশ্ন উঠছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে অবৈধ অনুপ্রবেশ সম্ভব হচ্ছে? বিএসএফের নজর এড়িয়ে বারবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।এখন দেখার, পুলিশি তদন্তে এই ঘটনার নেপথ্যে থাকা আরও কোনও ব্যক্তি বা চক্রের সন্ধান মেলে কি না।
