আগরতলা : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনডিপিএস মামলায় দীর্ঘদিন ধরে পলাতক এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতের নাম রাজা সাহা। তার বাড়ি শহরের টাউন প্রতাপগড় এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় পূর্ব থানার নিকটবর্তী শনি মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃত রাজা সাহা দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে ছিল এবং বিভিন্ন মামলায় পলাতক ছিল। তাকে আটক করার পর বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস এক্ট অনুযায়ী পূর্ব থানার পাশাপাশি আমতলী থানাতেও একাধিক মামলা নথিভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে ছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান, মাদক চক্রের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে।
এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশের এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।
