আগরতলা।। সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৫৯তম জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে একটি র্যালির আয়োজন করা হয়।
তাতে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। পূর্ত দপ্তর ও দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এর ত্রিপুরা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। রেলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর সদস্যরা সহ পূর্ত দপ্তরের বাস্তুকাররা অংশ নেন।
রেলির আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, বাস্তুকারদের ছাড়া পরিকাঠামো উন্নয়ন ও শ্রেষ্ঠ ভারত গড়া সম্ভব নয়। ২০৪৭ সালের ভারত গড়তে দেশকে এগিয়ে নেওয়া নিশ্চিত করতে বাস্তুকারদের সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। মন্ত্রী তার বক্তব্যে জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস এর তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন ।
