আগরতলা: জেলা প্রশাসন ও ডাইরেক্টরেট অফ ইন্সটিটিউশনাল ফাইনান্স-এর যৌথ উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে “আর্থিক অন্তর্ভুক্তি, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম এবং সাইবার অপরাধ” শীর্ষক আলোচনা সভার পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিমের প্রচার এবং সেরা কর্মক্ষম এসএএস ও এমপিকেবিওয়াই এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র সঞ্চয় নিগমের অধিকর্তা রাখি বিশ্বাস, জেলা প্রশাসনের আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এজেন্ট ও আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষকে মূলধারার আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য সেরা কর্মক্ষম এসএএস ও এমপিকেবিওয়াই এজেন্টদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনা প্রাপ্ত এজেন্টরা এই স্বীকৃতিকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন বলে জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আর্থিক সাক্ষরতা ও সাইবার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপক প্রচার চালানো হবে।
