আগরতলা।। আগামী ১৩ তারিখে আত্মসমর্পণকারী সংগঠন জেআরএসি ও জেএসি-র ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে বুধবার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক।বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন আধিকারিকরা। সংগঠনগুলোর উত্থাপিত ৯ দফা দাবি, বর্তমান পরিস্থিতি এবং সেগুলোর বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়। আগামী ১৩ তারিখের কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি দাবিগুলো নিয়ে ইতিবাচক আলোচনার পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
সরকারি সূত্রের দাবি, সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে দপ্তরগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে।
