আগরতলা: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সোমবার অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল ও পলিক্লিনিকে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস। এবছর “একসাথে আমরা আরও শক্তিশালী” – এই বার্তাকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে।

এদিন অভয়নগর হাসপাতালে পোষ্য ও অন্যান্য প্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। দপ্তর সূত্রে জানা যায়, বাজারে এই টিকার মূল্য প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, কিন্তু সরকারি উদ্যোগে এদিন তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সকাল থেকেই বহু মানুষ তাদের পোষা কুকুর, বিড়াল নিয়ে হাসপাতালে ভিড় জমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, সহকারী অধিকর্তা বিমল কৃষ্ণ দাস, সহকারী অধিকর্তা সুজিত সাহা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। দিবসটি উপলক্ষে জলাতঙ্ক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সময়মতো প্রাণীদের টিকাকরণ এবং মানুষের পাশাপাশি প্রাণীদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *