আগরতলা ।। প্রাক্তন ডিজিপি প্রয়াত অনুরাগ ধ্যানকর এর মৃত্যু রহস্যের উদ্ঘাটনে উচ্চ আদালতের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে। এবার এই দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিলো সিপিএমের তরফে এক প্রতিনিধি দল।
এর নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন উচ্চ আদালতের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করতেতো সরকারের কোনো সীমাবদ্ধতা থাকার কথা নয়। মানিক বাবু জানান রাজ্যপাল এই বিষয়ে সহমত ব্যক্ত করেছেন। তখন প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তাহলেতো এই বিষয়ে কথা বলা দরকার। রাজ্যপালকে এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানান সিপিএমের প্রতিনিধি দলের সদস্যরা।
৫ জনের প্রতিনিধি দলের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্না রক্ষিত ও রমা দাস। মানিক বাবু বলেন অনুরাগ ধ্যানকর এর মতো একজন সৎ বিশ্বস্ত ও সাহসী আধিকারিকের এই ধরণের পরিণতি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে।
তিনি এর মাধ্যমে সরকার ও সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিমত প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এর পিছনে কারণ ও মূল সত্যতা বের করার দাবি জানান তিনি।
