আগরতলা।। শিক্ষক নিয়োগে শূন্যপদ পূরণের দাবিতে এবার সরব এসটিজিটির ২১৭৬ জন সফল পরীক্ষার্থী!দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় প্রশ্ন উঠছে—কবে কাটবে অপেক্ষার অবসান?শূন্যপদ পূরণের পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন তারা।ত্রিপুরায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছে বিভিন্ন আন্দোলন, দাবি এবং আলোচনা।বিশেষ করে টেট উত্তীর্ণ সফল পরীক্ষার্থীদের দ্রুত নিয়োগ এবং শূন্যপদের সংখ্যা বাড়িয়ে একসঙ্গে নিয়োগের দাবিতে সরব একাধিক অংশের পরীক্ষার্থী।এরই ধারাবাহিকতায় এবার এসটিজিটির ২১৭৬ জন ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের।
সাংবাদিক সম্মেলনে পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ না হওয়ায় একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, অন্যদিকে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সফল পরীক্ষার্থীরাও।তাদের দাবি, পরীক্ষায় সফল হয়েও নিয়োগের অপেক্ষায় দিন কাটছে বহু প্রার্থীর। আর এই অপেক্ষা দীর্ঘায়িত হলে সমস্যার মাত্রা আরও বাড়বে। কারণ, সফল পরীক্ষার্থীদের একটি বড় অংশের বয়সসীমা উত্তীর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।
শুধু নিয়োগ নয়, শূন্যপদের সংখ্যা আরও বাড়িয়ে একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও উঠে এসেছে সাংবাদিক সম্মেলন থেকে।পরীক্ষায় সাফল্য, কিন্তু নিয়োগের অপেক্ষা—এই পরিস্থিতির দ্রুত অবসান চান এসটিজিটির ২১৭৬ জন পরীক্ষার্থী।
শিক্ষাক্ষেত্রে শূন্যপদ পূরণ, সফল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিই এখন তাদের মূল বক্তব্য।দীর্ঘদিনের এই দাবি ও আন্দোলনের পর এবার সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।
