আগরতলা : বার কাউন্সিল অফ ত্রিপুরা ইলেকশন ২০২৬ উপলক্ষে বুধবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানালেন রিটার্নিং অফিসার এস.সি. আগরতলা। আগরতলা হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ভোটগ্রহণের জন্য ত্রিপুরা হাইকোর্টে মোট ৭টি পোলিং বুথ স্থাপন করা হবে। পাশাপাশি আগরতলার বাইরে আরও ৮টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে মোট ১৫টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হবে। রিটার্নিং অফিসার আরও জানান, ভোটারদের ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স ভোট প্রদান বাধ্যতামূলক। অর্থাৎ, প্রত্যেক ভোটারকে প্রথম পছন্দের প্রার্থী নির্ধারণ করতেই হবে। এই নির্বাচনে মোট ১৫টি পদের জন্য ভোট হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই ৪টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত হয়েছে। ফলে অবশিষ্ট ১১টি পদের জন্য সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি ভোট গণনা সম্পন্ন করা হবে বলে জানান রিটার্নিং অফিসার।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি আশ্বাস দেন। বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে ইতিমধ্যেই উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
