আগরতলা, ১৬ মার্চ : রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
সোমবার তিনি ৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ভাতা রিলিফ (ডিআর) বৃদ্ধির ঘোষণা দেন। এর ফলে রাজ্যের প্রায় ১ লক্ষ ২০ হাজার সরকারি কর্মচারী, শিক্ষক এবং ৮ হাজারেরও বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই ঘোষণা আসে যখন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৬–২০২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট প্রস্তাবের উপর তার বক্তব্য শেষ করেন।
এরপরই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন, যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ১ অক্টোবর মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করেছিলেন।
সে সময় তিনি জানিয়েছিলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে এর বেশি বৃদ্ধি সম্ভব হয়নি, যদিও তিনি কর্মচারীদের আরও সুবিধা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সরকারি সূত্রে জানা গেছে, নতুন ঘোষিত ৫ শতাংশ ডিএ ও ডিআর আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে রাজ্যের কোষাগারে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকার ব্যয় হবে।
রাজ্য সরকারের এই ঘোষণাকে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে কেন্দ্রীয় হারের সঙ্গে সম্পূর্ণ সমতা এখনও অর্জিত না হওয়ায় কর্মচারী মহলে ভবিষ্যতে আরও বৃদ্ধি নিয়ে প্রত্যাশা বজায় রয়েছে।
