আগরতলা : কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ জানানোর অনলাইন ব্যবস্থা ‘শি বক্স’ পোর্টাল নিয়ে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক দিবসীয় রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশন-এর চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, দফতরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা।প্রশিক্ষণ কর্মসূচিতে ‘শি বক্স’ পোর্টালের ব্যবহার পদ্ধতি, অভিযোগ দায়েরের প্রক্রিয়া, আইনি কাঠামো এবং কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা জানান, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত ও স্বচ্ছ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলাই এই পোর্টালের মূল উদ্দেশ্য।

মন্ত্রী টিঙ্কু রায় তাঁর বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে অভিযোগ নিষ্পত্তির আহ্বান জানান। মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা বলেন, নারীরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক স্তরে দক্ষতা ও সমন্বয় আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। আয়োজকদের দাবি, এ ধরনের কর্মসূচি রাজ্যের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধি ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *