আগরতলা।। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আগরতলা শহরবাসীকে সর্বোচ্চ নাগরিক পরিষেবা ও সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল আগরতলা পুর নিগম।

পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন নিগমের বিভিন্ন আধিকারিক ও কাউন্সিলররা।দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের পরিষেবা ব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায়, পূজার দিনগুলিতে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং শহরের সামগ্রিক পরিবেশ কীভাবে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা যায়—এ নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, অন্যান্য বছরের মতো এবারও দুর্গাপূজাকে সামনে রেখে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে পুর নিগম। বিশেষ করে পূজার প্রস্তুতি থেকে শুরু করে উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা সচল রাখা এবং বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, পূজার সময় শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানবাহন ও সাধারণ মানুষের চলাচলসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া হবে। বিসর্জনের সময়ও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা তৈরি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাশাপাশি প্রতিবছরের মতো এবারও বিভিন্ন স্তরে ভালোভাবে দুর্গাপূজার আয়োজন করা পুজো উদ্যোক্তাদের পুর নিগমের পক্ষ থেকে পুরস্কৃত ও উৎসাহিত করার উদ্যোগ থাকবে বলে জানান মেয়র।।

সব মিলিয়ে শারদীয় উৎসবকে কেন্দ্র করে আগরতলা শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব করে তুলতে পুর নিগমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *