আগরতলা: শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর দক্ষিণাঞ্চলে উৎসবের মেজাজ আরও বাড়িয়ে তুলতে আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত ‘শারদ সম্মান’ এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল।

শুক্রবার ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র জানান, শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তা কমিটিগুলিকে নিয়ে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে পুর নিগম। পুজো শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছরও তার ব্যতিক্রম হবে না।

তিনি বলেন, “শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জা সহ একাধিক বিষয়কে প্রাধান্য দিয়ে বিচারকদের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, দক্ষিণাঞ্চলের পুজোগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিল্প ও শৈল্পিক মান আরও উন্নত করা।”আগরতলা পুর নিগমই এই শারদ সম্মান প্রদানের মূল উদ্যোক্তা। বিগত চার বছর ধরে এই উদ্যোগ দক্ষিণাঞ্চলের পুজো উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাবগুলিও নতুনত্ব ও সৃজনশীলতা নিয়ে মণ্ডপ ও প্রতিমা তৈরিতে উৎসাহিত হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও স্থানীয় কাউন্সিলর ও পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুর নিগম সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই প্রতিযোগিতার নিয়মাবলী ও বিচারপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *