আগরতলা।। নিজস্ব প্রতিনিধি, সাব্রুম:দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার লুধুয়া চা বাগান এলাকা থেকে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, পুলিশের তদন্তে গতি না থাকায় দিন দিন বাড়ছে উৎকণ্ঠা।নিখোঁজ গৃহবধূর নাম বিনু লক্ষ্মী ত্রিপুরা (রায়)।

গত ১৯ জুন তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরদিন তাঁর স্বামী সুজিৎ রায় সাব্রুম থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তবে অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।হতাশ হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন সুজিৎ রায়। তিনি জানান, প্রায় ১৩-১৪ বছর আগে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। বর্তমানে তাঁদের একটি ছেলে রয়েছে, যে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। মায়ের অনুপস্থিতিতে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

পরিবারের দাবি, বাড়ি ছাড়ার সময় বিনু লক্ষ্মী প্রায় ২০ হাজার টাকা, সমস্ত স্বর্ণালংকার এবং নিজের, স্বামী ও ছেলের গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে যান।সুজিৎ রায় জানান, রবিবার সকালে স্ত্রীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করে জানান যে তিনি বর্তমানে তেলিয়ামুড়ায় রয়েছেন। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কান্নাজড়িত কণ্ঠে সুজিৎ রায় বলেন, “আমার সন্দেহ, হয়তো সে অন্য কারও সঙ্গে চলে গেছে। কিন্তু আমার ছেলেটার কী হবে? ও তো প্রতিদিন মাকে খুঁজছে।”বর্তমানে একদিকে নিখোঁজ স্ত্রীর সন্ধান, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সুজিৎ রায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে গৃহবধূর অবস্থান শনাক্ত করে সত্য সামনে আনা হোক।

এ বিষয়ে সাব্রুম থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত চলছে। জেলার পাশাপাশি অন্যান্য থানাতেও বার্তা পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *