আগরতলা।। রাজধানী আগরতলায় মহাকরণের সামনে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ইলেকট্রিক অটো। ঘটনায় গুরুতর আহত হন চালক পার্থ দাস। পরে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা পার্থ দাস আইএলএস হাসপাতাল এলাকা থেকে রাধানগরের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সময় অটোতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
তাদের কারও গুরুতর আঘাত লাগেনি বলে জানা গেছে।মৃতের ভাই জানান, পার্থ দাস দীর্ঘদিন ধরে ইলেকট্রিক অটো চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ এই দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
