আগরতলা।। রাজধানীর এম বি বি বিমান বন্দরে একাংশ অটো চালকদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে । তারা নিজেদের আইনের উর্ধে ভেবে যা খুশি তাই করছে। যাত্রীদের বিভিন্ন ভাবে হেনস্তা করছে। শেষ পর্যন্ত এক যুবতীর অভিযোগমূলে দুই দুষ্কৃতকারী অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ জুলাই বিমানবন্দর থানায় মামলা করা হয়েছিল। পুলিশ অভিযোগ পেয়ে মঙ্গলবার দুই অটো চালককে আটক করে। অভিযোগ এই দুই দুস্কৃতির সঙ্গে আরো কয়েকজন দুষ্কৃতকারী ছিল। এরা এখনো বুক ফুলিয়ে অটো চালাচ্ছে। অভিযুক্তরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি উবের অটো চালকের সঙ্গেও ঐদিন চরম দুর্ব্যবহার করেছিল। এমনকি ওই অটোর চাবি খুলে নেয়। যাত্রীরা অনুরোধ করার পরও দেয়নি। উল্টো হুমকি দেয় যাত্রীদের দেখে নেওয়ার। বিমানবন্দরের একাংশ অটো চালকদের জন্যে প্রতিনিয়ত যাত্রীদের হেনস্তা হতে হচ্ছে।

এদের জন্যে রাজ্যের ও রাজ্য সরকারের বদনাম হচ্ছে।সাধারণ মানুষ চাইছেন পুলিশ যেন ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরে অটো চালকদের দৌরাত্ম রোধে সরকার কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *