আগরতলা।। জুন ও জুলাই মাস ধরে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে । এর মধ্যে একটি হল বিশ্বপ্রকৃতি সংরক্ষণ দিবস। প্রতিবছর ২৮ জুলাই সারা বিশ্বে এই দিনটি উদযাপন করা হয়। এর মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করার জন্য জনগণকে সচেতন করা।
এই উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর হেরিটেজ পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । এছাড়াও উপস্থিত ছিলেন বন এবং পরিবেশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বৃক্ষরোপন করেন রাজ্যপাল সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা ।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল জানান, ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে আশীর্বাদপুষ্ট। এর পেছনে রাজ্য বাসীর দায়িত্ববোধও রয়েছে ।রাজ্যে ১.৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে। এই বনাঞ্চল গ্রামীণ অর্থনীতির প্রধান উৎস। কিন্তু অনবরত বন ধ্বংসের ফলে গ্রামীন এলাকায় পানীয় জলের সংকট দেখা দিচ্ছে।
এই বিষয়ে জনগণকে আরো উদ্যোগী হতে হবে। রাজ্যপাল বলেন, টেকসই সমাজ আর অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ়করণের জন্য সুস্বাস্থ্যকর পরিবেশ একান্ত প্রয়োজন । এর জন্য আমাদের সকলকে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার প্রতি যত্নবান হতে হবে।
