আগরতলা।। পশ্চিম ত্রিপুরা জেলায় টানা দুই-তিন দিনের ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডঃ বিশাল কুমার।
তিনি জানান,হাওড়া নদীর জল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমান অবস্থায় বন্যার কোন আশঙ্কা আপাতত নেই। তবে আরও অধিক বৃষ্টিপাত যদি হয় সে ক্ষেত্রে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে প্রশাসন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।।
বর্তমানে বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুৎ ব্যবস্থা সচল রয়েছে পাশাপাশি ডিজেল চালিত পাম্প গুলিও সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদী তীরবর্তী বাঁধ গুলিও সংস্কার করা হয়েছে। এর পাশাপাশি আশ্রয় কেন্দ্র গুলিকে ও সংস্কার করে উপযুক্ত করে তোলা হয়েছে।
প্রশাসন সার্বিকভাবেই বন্যা জনিত পরিস্থিতি নিয়ে প্রস্তুত রয়েছে। প্রশাসন নজরদারি করছে যদি বন্যা জনিত পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বিশেষ করে প্রতাপগড়, লঙ্কাবস্তি, ইন্দ্রনগর এই সকল অঞ্চলে যাতে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা যায়।
প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। নাগরিকদের অযথা নদী ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন ডঃ বিশাল কুমার।
