আগরতলা।। পশ্চিম আগরতলা থানার উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট মোবাইল উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সোমবার পশ্চিম আগরতলা থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি আনুষ্ঠানিকভাবে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি বলেন, থানায় দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালায়। আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে মোট ৩০টি স্মার্ট মোবাইল উদ্ধার করা সম্ভব হয়। পরে সমস্ত তথ্য যাচাই করে প্রকৃত মালিকদের চিহ্নিত করে তাঁদের হাতে মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে পশ্চিম থানার পুলিশ ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবে। পাশাপাশি তিনি নাগরিকদের মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর আহ্বান জানান, যাতে দ্রুত তদন্ত শুরু করা সম্ভব হয়।
অন্যদিকে, দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। তারা পশ্চিম আগরতলা থানার পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
