আগরতলা।। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ,অংশগ্রহণ মূলক পরিকল্পনা ,স্বচ্ছ প্রশাসন ও টেকসই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে বৃহস্পতিবার ২৬ -২৭ অর্থবছরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জেলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল জানান আজকের বৈঠকে কিভাবে ত্রিস্তর পঞ্চায়েত লেভেল পর্যন্ত কাজ করা যায় এবং কি কি কাজ করা প্রয়োজন সেই ব্যাপারে একটি পরিকল্পনা গ্রহণ করা হবে।
এছাড়া কাজের ধরন কিরূপ হবে কোন কোন বিষয়ের উপর অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে সেই বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরবর্তীতে আগামী ২৮ তারিখ আর একটি সভা অনুষ্ঠিত হবে সেখানেও জেলা পরিষদের সদস্য সদস্যরা, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং চেয়ারম্যান গন উপস্থিত থাকবেন। সেই সভায় আজকের গৃহীত পরিকল্পনা গুলি প্রকাশ করা হবে এবং তার চূড়ান্ত অনুমোদনের জন্য ডাইরেক্টর অফ পঞ্চায়েতের কাছে তা পাঠানো হবে।
বিশ্বজিৎ শীল বলেন সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেছে। সেই ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েতের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যাতে স্বচ্ছতা বজায় রেখে সঠিক কাজ করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই কাজগুলি বাস্তবায়ন করা হবে। লক্ষ্য হবে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যারা নিয়মমাফিক বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারে তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।
বিশ্বজিৎ শীল দাবি করে বলেন পশ্চিম ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েতে একটি স্বচ্ছ এবং উন্নয়নশীল পঞ্চায়েত স্তর গঠন করাই হচ্ছে আমাদের লক্ষ্য।
