আগরতলা ।। দুরারোগ্য বিরল রোগে আক্রান্ত মনশ্রী চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিলেন মন্ত্রী সুধাংশু দাস।
নিজের সরকারি বাসভবনে মনশ্রীর বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তিনি এবং মনশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, মনশ্রীর চিকিৎসার জন্য যে বিশেষ ইনজেকশন প্রয়োজন, তার মূল্য প্রায় ১৬ থেকে ১৮ কোটি টাকা, যা কোনও সাধারণ পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আগরতলার জিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হবে, যাতে চিকিৎসার সম্ভাব্য সব দিক পর্যালোচনা করে মনশ্রীকে সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
তিনি আরও বলেন, শুধু সরকারের উদ্যোগই নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজসেবী, শিল্পপতি এবং সাধারণ মানুষের কাছে মনশ্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য করজোড়ে আবেদন জানান তিনি।
ছোট্ট মনশ্রীর জীবন বাঁচানোর এই লড়াইয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাই এখন সবচেয়ে বড় ভরসা বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
