আগরতলা।। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি নাইন এমএম পিস্তল ও তিনটি কার্তুজসহ বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী।রবিবার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি এসডিপিও সুব্রত বর্মন জানান, গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে বিহারের দুই যুবকের কাছ থেকে দুইটি নাইন এমএম পিস্তল ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত দুই যুবক অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আটক ২ যুবকের নাম সূরয কুমার ও শ্রীকান্ত কুমার।
