আগরতলা: ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে বলে আজ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।আজ বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজরি কমিটির (BAC) বৈঠকে অংশগ্রহণের পর তিনি জানান, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই অধিবেশন আহ্বান করেছেন। মন্ত্রী জানান, ১৩ মার্চ অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।

এরপর সম্প্রতি প্রয়াত বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে।রতন লাল নাথ আরও জানান, ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট এবং ২০২৫–২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট বিধানসভায় উপস্থাপন করবেন। বাজেট উপস্থাপনের পর তিনি বাজেট সংক্রান্ত ভাষণ দেবেন।তিনি বলেন, বাজেট ভাষণের পরবর্তী দিন তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস বিল (মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য), টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল।

এছাড়া অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা দুই দিন ধরে চলবে। ১৯ মার্চ বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন।মন্ত্রী জানান, ২০, ২৩ ও ২৪ মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে এবং ২৫ মার্চ শেষ দিনে আলোচনার পর বাজেট পাস করা হবে।

তিনি আরও বলেন, এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য সিটটিং ডে ৯ দিন রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির সকল সদস্যের সম্মতিতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *