আগরতলা।। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, সাহিত্যকীর্তি, দেশপ্রেম এবং জাতীয় চেতনা গঠনে তাঁর অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমাসহ বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিপ্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু একজন ঔপন্যাসিকই নন, তিনি ছিলেন জাতীয়তাবাদের অন্যতম পথপ্রদর্শক। তাঁর রচিত ‘বন্দে মাতরম্’ দেশের স্বাধীনতা আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল এবং আজও তা দেশপ্রেমের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর আদর্শকে সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপরও মন্ত্রী সান্তনা চাকমা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের রচনার ওপর আলোচনা, আবৃত্তি, সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাহিত্য সম্রাটের কর্ম ও দর্শনকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনায় আরও উদ্বুদ্ধ করবে।
