আগরতলা।। চুরি যাওয়া অটো উদ্ধার করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। গত শনিবার রাতে কৃষ্ণনগর এলাকা থেকে এক টিএনজিসিএন কর্মীর চুরি যাওয়া অটো রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টা এলাকা থেকে উদ্ধার হয় । ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।
ওইদিন রাত বারোটা থেকে একটার মধ্যে কৃষ্ণনগরের টিএনজিসিএল কার্যালয়ের সামনে থেকে এই ব্যাটারি চালিত অটো টি চুরি হয়। সাথে সাথেই অটোর মালিক গৌতম দেব বিষয়টি পশ্চিম থানায় অবগত করেন । রবিবার সকালেও তিনি পশ্চিম থানায় বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানান । এরপর সদর মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে রামনগর ফাঁড়ি এবং পশ্চিম থানার পুলিশ একটি এসআইটি গঠন করে তদন্ত শুরু করে।
তদন্তে নেমে স্মার্ট সিটির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অটোটি কৃষ্ণনগর থেকে আইজিএম চৌমুহনী ও প্যারাডাইস চৌমুহনী হয়ে গান্ধীঘাট এলাকা দিয়ে বেরিয়ে যায়। সোমবার সকালে পুলিশ সোর্স মারফত খবর পায় ,বর্ডার গোল চক্কর সংলগ্ন ইট ভাট্টির পেছনের দিকের নির্জন স্থানে একটি অটো রয়েছে ।
অটোটিতে দুজন লোক রয়েছে । খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অটো সহ ২ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এদিন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন পুরো বিষয়টি জানিয়েছেন ।
তিনি আরো জানান, একমাস আগে শহর থেকে তিনটি বাইক চুরি হয় । এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে একটি বাইকসহ ২ বাইক চোরকে গ্রেফতার করা হয়েছে ।
