আগরতলা।।কখনো লক্ষ কোটি টাকার গল্প, আবার কখনো আধুনিক শহর তৈরি করার কাহিনী, সবকিছুকে একত্রিত করে স্মার্ট সিটি এই দুইটা শব্দ যুগল বিগত বেশ কয়েক বছর ধরে রাজধানী সহ রাজ্যের অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে।

বিশেষ করে স্মার্ট সিটি শব্দ যুগলের মধ্য দিয়ে আমাদের জানানো হচ্ছে শহর আগরতলাকে রীতিমতো আধুনিক পরিকল্পনা অনুযায়ী সাজানো হচ্ছে, যেই পরিকল্পনাতে জল নিকাশি ব্যবস্থা নাকি রীতিমত আপ টু দ্যা মার্ক থাকবে।তবে আজকের সকালের ঘন্টা খানেকের বর্ষণ পরবর্তী শহর আগরতলা কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে বলতে চাইছে, আমরা স্মার্ট হতে পারলাম কই? দিকে দিকে যেন পৌর নিগম তথা মেয়র এর দিকে প্রশ্ন ছুড়ে জানতে চাইছে আর কতকাল এই জলের যন্ত্রণা সইতে হবে? যেভাবে ঘন্টাখানেকের বর্ষণ পরবর্তীতে শহর আগরতলা রীতিমতো জল বন্দী হয়ে গেছে , তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে লক্ষ কোটি টাকার গল্প আমরা শুনছি কিন্তু দিনের পর দিন জলের যন্ত্রণায় কেন ভুগছি?

এমনটা তো হওয়ার কথা না, ২০১৮ সালে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর কখনো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কখনো বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দাবি করে থাকেন আধুনিক ব্যবস্থাপনা নাকি তৈরি করা আছে, যেখানে জল যন্ত্রণায় আর ভুগতে হবে না, কিন্তু এই যে পরিস্থিতি গুলো কিছুদিন পরপর হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে আসলে কি মানুষকে বোকা বানানো হচ্ছে, নাকি স্মার্ট সিটি প্রকল্পটাই ভেস্তে গেছে?

এই প্রশ্নের উত্তর হয়তো আমরা পাব না, তবে এটা ঘটনা এই পরিস্থিতিতে রাজধানী বাসি সহ রাজ্যবাসী যেন বলতে চাইছে স্মার্ট সিটি প্রকল্পে লক্ষ কোটি টাকা খরচ হবে বা হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ রাজধানী বাসীর যন্ত্রনা সেই একই তিমিরে রয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *