আগরতলা ।। পূর্ব শত্রুতার জেরে গতকাল রাতে খুন হয়েছিলেন সমীর দাস। অভিযোগ রয়েছে এলাকারই স্বপন সূত্রধর এবং মিঠুন সূত্রধর মিলে ধারালো অস্ত্র দিয়ে সমীর দাস কে আঘাত করে হত্যা করে।ঘটনার পরবর্তী সময়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এলাকায় দেখা দেয় উত্তেজনা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।
আজও তার রেস ধরে দফায় দফায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়।এক পর্যায়ে উত্তেজিত জনতা দুই অভিযুক্তের বাড়িতেই অগ্নিসংযোগ করে।দুই বাড়ি থেকে অভিযুক্তদের স্ত্রী, সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। তারপরে ফের ভাঙচুর হয় কাঁঠালতলীতে।কাঠালতলির উত্তেজনাময় পরিস্থিতি সড়যমিনে পরিদর্শন করলেন আই জি আইনশৃঙ্খলা।
সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে আইজি আইন শৃঙ্খলা জানান গতকাল রাতে সমীর দাস নামে এক যুবকের খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা এবং অগ্নুৎপাত করে। পুলিশ সমীর দাস হত্যাকাণ্ডে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে অভিযুক্তদের যেমন পুলিশ আটক করেছে ঠিক একই রকম ভাবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও পুলিশের কর্তব্য।
তাই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদুলাঠিচার্য করেছে পুলিশ। তিনি বলেন পুলিশ তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইননুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন কোনভাবেই আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ, টি এস আর, এবং ত্রিপুরা পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি কাঠালতলী এলাকায় ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন যে কোন পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং এলাকায় যাতে শান্তি কায়েম হয় তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
