কাঞ্চনপুর।। দেওনদীতে তলিয়ে যাওয়া অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের অভিযান, দশদায় নামল ৩০ সদস্যের NDRF দল।উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান।
আজ সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমরজিৎ পালের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
