আগরতলা : রাজপথে শক্তি প্রদর্শনে নামল তিপ্রা মথা দলের যুব সংগঠন। সোমবার প্রায় এক হাজারেরও বেশি যুবক বাইক নিয়ে বিশাল র্যালি করে রাজ্য রাজনীতিতে নিজেদের উপস্থিতির বার্তা দিল।
তিপ্রা মথার যুব সংগঠন ইয়ুথ টিপরা ফেডারেশন এর উদ্যোগে এই বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সোমবার দুপুর ঠিক ১২টায় বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার প্লে গ্রাউন্ড থেকে শুরু হয়। বাইক র্যালির সূচনা করেন পূর্ণ চন্দ্র জমাতিয়া , উমাকান্ত দেববর্মা , বৃষকেতু দেববর্মা , বিধায়ক মানব সুবোধ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন।
এই উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াইটিএফ সেন্ট্রাল প্রেসিডেন্ট সুরোজ দেববর্মা কড়া রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে-কে বিদায় জানানো হবে এবং সেই নির্বাচনের পর তিপ্রাসা সম্প্রদায় থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে বলে দাবি করেন তিনি। র্যালিতে অংশ নেওয়া যুবকদের দীর্ঘ বাইকের সারিতে বিশ্রামগঞ্জ এলাকার রাজপথে ব্যাপক সাড়া পড়ে।
দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ওয়াইটিএফ নেতৃত্বের দাবি, আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
