আগরতলা : দেশের সার্বভৌমত্ব ও আত্মসম্মান রক্ষা, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বুধবার আগরতলায় মিছিল সংগঠিত করল সংযুক্ত কিষান মোর্চা।

১২ ফেব্রুয়ারির দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ফলে দেশের কৃষি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা চরম সংকটে পড়বেন। মিছিল শেষে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সংগঠনের নেতৃত্ব কেন্দ্রের অর্থনৈতিক নীতি ও কৃষি সংক্রান্ত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

তাঁরা দাবি করেন, কৃষিপণ্য আমদানি শুল্ক হ্রাস বা মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিদেশি পণ্যের প্রবেশ বাড়লে দেশের কৃষক সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের প্রতি ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *