আগরতলা।।মধ্যপ্রাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে জ্বালানি সহ গ্যাসের একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কিছুদিন পরপর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।
রাজ্যে পেট্রোল ডিজেল সহ গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। এই বিষয়ে আজ আরো একবার ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন, অধিকর্তা সুমিত লোধ সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে দাবি করেছেন রাজ্যের মধ্যে আপাতত পেট্রো পণ্যসহ গ্যাসের কোন সংকট নেই। তারপরেও আজকের সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে যাবতীয় পরিস্থিতির উপর প্রশাসনের সম্পূর্ণ নজর রয়েছে, কোন জায়গায় কালোবাজারি হলে প্রশাসনের তরফ থেকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা সাংবাদিক সম্মেলনে বলিষ্ঠভাবে দাবী করা হয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন বারবার দপ্তরের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু এর পরেও গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে পেট্রো পণ্যসহ গ্যাসের একটা সংকট রয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোন উপায় নেই।
