আগরতলা।। রাজধানী আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ডে পিআরএম সেন্টার পয়েন্ট মলের পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তাঁর সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, কমিশনার সাজু ওয়াহিদ সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনের পাশাপাশি মোটরস্ট্যান্ড এলাকার অটো সিন্ডিকেটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মেয়র। বৈঠকে অটো চলাচল, পার্কিং ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।উল্লেখ্য, রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় অত্যাধুনিক পার্কিং জোনের পাশাপাশি কমার্শিয়াল পয়েন্ট তৈরির কাজ বেশ কয়েক বছর ধরেই চলছে।
বর্তমানে প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এদিন চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মেয়র সহ আধিকারিকরা।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, অক্টোবর মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী সময় দিলে এই অত্যাধুনিক নির্মাণ প্রকল্পের উদ্বোধন হতে পারে।মেয়রের দাবি, এই প্রকল্প চালু হলে দীর্ঘদিনের আগরতলা শহরের পার্কিং সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অত্যাধুনিক পার্কিং ও কমার্শিয়াল পয়েন্ট।
তিনি আরও দাবি করেন, আগের সময়ে এ ধরনের পরিকল্পনা সেভাবে দেখা না গেলেও বর্তমান সরকার আগরতলা শহরকে যানজটমুক্ত এবং আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পগুলির কাজও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি।
