আগরতলা।। বাজারে চাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে মহারাজগঞ্জ বাজারে অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন।
বৃহস্পতিবার বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন সদর মহকুমা শাসক মানিক দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক। চালের দাম কেন হঠাৎ করে বাড়ছে, সবজি, ডাল, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখেন তারা।
অভিযানের সময় দোকানদারদের কাছ থেকে বিল, স্টক এবং ক্রয়মূল্যের কাগজপত্রও যাচাই করা হয়। মহকুমা শাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “কোনোভাবেই কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে বাজারে চাল ও অন্যান্য নিত্যপণ্যের দাম লাগামছাড়া হওয়ায় সাধারণ ক্রেতারা সমস্যায় পড়েছেন। প্রশাসনের এই অভিযানে খুশি সাধারণ মানুষ। তারা আশা করছেন এর ফলে বাজারে দামের স্থিতিশীলতা ফিরবে।
