আগরতলা : রাজধানীর মঠ চৌমুহনি এলাকায় এইচডিএফসি ব্যাংকের সামনে সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চালাল আগরতলা পুর নিগম।
শুক্রবার পুর নিগমের পূর্ব জোনের অন্তর্গত এই এলাকায় টাস্ক ফোর্স বাহিনীকে সঙ্গে নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেআইনিভাবে গড়ে ওঠা একাধিক অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। অভিযোগ, সরকারি জমি দখল করে ফুটপাতের ওপর দোকান বসানোয় সাধারণ পথচারীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছিল। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা। তিনি জানান, শহরের সৌন্দর্য রক্ষা ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পুর নিগম নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাবে।
ভবিষ্যতেও যদি কেউ সরকারি জায়গা দখল করে ব্যবসা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পুর নিগম সূত্রে জানা গেছে, আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি দখল উচ্ছেদে পর্যায়ক্রমে অভিযান চলবে।
