আগরতলা।। আগরতলার বড়জলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বাথরুম থেকে উদ্ধার হল দুই সন্তানের জননী বুল্টি সূত্রধরের নিথর দেহ। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে, মৃতার পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ তোলা হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃতার স্বামী জানিয়েছেন তিনি বাজার থেকে এসে উনার স্ত্রীকে দেখতে পাননি, তবে শিশু সন্তানদের মুখে শুনেছিলেন ওদের মা নিচে আছে। দীর্ঘক্ষণ পর দেখা যায় বুল্টি সূত্রধর অচেতন অবস্থায় বাথ রুমে পড়ে রয়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকেই গুরুতর অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বড়জলা এলাকায় এখন তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। খুন না কি অন্য কোনো কারণ—তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্ত শেষ হলেই।
