আগরতলা।। বাংলাদেশের প্রধানমন্ত্রী আম পাঠিয়েছিলেন। তার বদলে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠালেন আনারস । বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিউ প্রজাতির ৭৮০ কেজি আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী । রাজ্য সরকারের তরফে এই উপহার পাঠানো হয় আখাউড়া সীমান্ত দিয়ে।
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে ভারত ও এর অঙ্গ রাজ্যগুলি। বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে একটি সুন্দর কুটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় ধরেই বজায় রয়েছে। এর অঙ্গ হিসেবে এ বছরও বাংলাদেশ সরকার ত্রিপুরা সরকারকে আম পাঠিয়েছে।
এদিকে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে সুস্বাদু আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বছর কিউ প্রজাতির মোট ৭৮০ কিলো আনারস রাজ্য সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী কে সৌজন্য উপহার হিসেবে পাঠিয়েছেন । বুধবার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপহারগুলো বাংলাদেশে যায় ।
তখন আখাউড়া সীমান্তে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণী ভূষণ জমাতিয়া ,কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ ,সান্তনু দেববর্মা ,ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরা আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা।
বাংলাদেশ এর তরফে উপস্থিত ছিলেন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাস ,আধিকারিক সজীব চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ল্যান্ডপোর্টে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক শেষে সীমান্তের জিরো পয়েন্টে রাজ্য সরকারের সচিব অপূর্ব রায় ও অন্যান্য আধিকারিকরা চট্টগ্রামের এসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেট তুলে দেন ।
