আগরতলা: রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফল দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ তিনি প্রথমবারের মতো জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।
আমবাসায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি।বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যে সরকার পরিচালিত হচ্ছে। ধলাই জেলা সহ গোটা রাজ্যেই ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে।
সরকারের লক্ষ্য হল, যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করা, যাতে আগামী দিনে আরও নতুন প্রকল্প গ্রহণ করা যায়। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার জন্য অভিভাবক মন্ত্রী বা গার্ডিয়ান মিনিস্টার নিয়োগ করা হয়েছে এবং আমাকে ধলাই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজ জেলাশাসকের আহ্বানে প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, বৈঠকে জল জীবন মিশন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, ভিবি-জি র্রাম জি প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।মন্ত্রী বলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। পাশাপাশি বিধায়ক, এমডিসি -দের কাছ থেকেও প্রাপ্ত তথ্য সঠিক কিনা তা যাচাই করা হচ্ছে। বৈঠকেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলি আগামীকালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর অগ্রগতির বিষয়ে আমি পরবর্তী সময়ে খোঁজ নেব।
তিনি আরও জানান, ছাওমনু, গণ্ডাতুইশা সহ জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং নগর স্থানীয় সংস্থাগুলির উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।মন্ত্রী বলেন কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলির কাজ দ্রুতগতিতে চলছে। তবে প্রকল্পগুলি নির্ধারিত সময়ে শেষ করার জন্য আধিকারিকদের আরও গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হবে।
রতন লাল নাথ বলেন, সরকারের মূল লক্ষ্য হল মানুষের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।তিনি আরও বলেন শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি পানীয় জল, কৃষি, পরিকাঠামো, বিদ্যুৎ পরিষেবা এবং জনকল্যাণমূলক পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধলাই জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
