আগরতলা ।। সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন।আগরতলার ঐতিহ্যবাহী গেদুমিয়া মসজিদেও অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ নামাজ।
সেখানে বহু মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন এবং দেশ ও মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল রহমান।
নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসল্লিরা এবং কোলাকুলির মধ্য দিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ।ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এবারের ঈদুল আজহা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে রাজ্যজুড়ে।
