আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে কৈলাশহর বিমানবন্দরে একটি টেকনিক্যাল ও অপারেশনাল টিম পাঠাতে বলেছেন যাতে মাটির অবস্থা পর্যালোচনা করা যায় এবং জমি সংক্রান্ত ও অন্যান্য সমস্যাগুলি পরীক্ষা নিরীক্ষা করা যায়।

আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের সাথে কৈলাশহর, কমলপুর এবং খোয়াই বিমানবন্দরের তুলনা করে একটি সম্ভাব্য সমীক্ষা দ্রুত জমা করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।রাজ্যের কৈলাশহর বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করা এবং বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিন বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কৈলাশহর বিমানবন্দর পুনরুজ্জীবনের রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর জ্ঞান বাত্রা এবং মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নবনিযুক্ত ডিরেক্টর কৃষ্ণমোহন নেহরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে বকেয়া বিষয়গুলোর সমাধান এবং দ্রুত কৈলাশহর থেকে ফ্লাইট সার্ভিস পুনরায় চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজকের বৈঠকে আলোচিত প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে কৈলাশহর থেকে ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করা, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিক পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা এবং বড় বিমান উঠানামার সক্ষমতা তৈরি করা, যেমন – এয়ারবাস বিমান ইত্যাদি। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সমীক্ষা রিপোর্টে বাণিজ্যিক, কারিগরি ও আর্থিক দিক থেকে সুবিধা-অসুবিধা স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে, রাজ্য সরকার কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকগণ বৈঠকে বলেছেন যে একটি টেকনিক্যাল টিম শীঘ্রই বিশদ প্রযুক্তিগত সমস্যাগুলি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবে। রাজ্য সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কৈলাশহর বিমানবন্দর পুনরায় চালু করতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

আজকের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *