আগরতলা ।। আগরতলায় শুরু হলো পাঁচ দিনের সিল্ক মার্ক এক্সপো-২০২৬। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার পূর্বাশা আরবান হাটে এই এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী পাঁচ দিন ধরে চলবে এই সিল্ক মার্ক এক্সপো। এবারের এক্সপোতে দেশের বিভিন্ন প্রান্তের খাঁটি সিল্কের সামগ্রী প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ত্রিপুরার ঐতিহ্যবাহী রেশম ও তাঁতজাত সামগ্রীও তুলে ধরা হচ্ছে।
এক্সপোতে বিভিন্ন ধরনের সিল্কের পোশাক, রেশমজাত সামগ্রী এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের সম্ভার থাকছে। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ খাঁটি সিল্কের সামগ্রী কেনার সুযোগ পাবেন, অন্যদিকে রাজ্যের তাঁতি ও কারুশিল্পীদের তৈরি পণ্যও বৃহত্তর বাজারে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অজিত শুক্লা দাস, SMOI-এর সিইও ড. নরেশ বাবু এন, দপ্তরের স্পেশাল সেক্রেটারি কুন্তল দাস-সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রীসহ বিশিষ্ট অতিথিরা এক্সপোর থিম প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত সিল্ক ও হস্তশিল্পজাত সামগ্রী ঘুরে দেখেন।
পাঁচ দিনব্যাপী এই এক্সপোতে আগরতলাবাসী ও পর্যটকদের জন্য দেশের বিভিন্ন প্রান্তের সিল্কের বৈচিত্র্যের পাশাপাশি ত্রিপুরার নিজস্ব রেশম ও তাঁতশিল্পের ঐতিহ্যকে কাছ থেকে দেখার ও কেনাকাটার সুযোগ থাকছে।
