স্পোর্টস ডেস্ক জনদর্পন।। বিশ্বকাপ মানেই অঘটনের মঞ্চ। আর সেই তালিকায় এবার নতুন অধ্যায় যোগ করল প্যারাগুয়ে। রাউন্ড অব ৩২-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল প্যারাগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রস থেকে জুলিও এনসিসোর দুরন্ত হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে।
পিছিয়ে পড়ে চাপে পড়ে জার্মানি।তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্লোরিয়ান ভিরৎসের বাড়ানো বল থেকে কাই হাভার্টজ হেডে গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর সেখানেই নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। একের পর এক সেভে জার্মানির স্বপ্ন ভেঙে দেন তিনি।জার্মানির হয়ে কাই হাভার্টজ, নিক ওলটেমাডে এবং জোনাথান তাহ স্পট-কিক থেকে ব্যর্থ হন।
অন্যদিকে শেষ শটটি জালে জড়িয়ে প্যারাগুয়েকে ঐতিহাসিক জয় এনে দেন হোসে কানালে। ফিফা র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জার্মানিকে হারিয়ে ৪১ নম্বর প্যারাগুয়ের এই জয়কে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
১৯৯৪ সালে বুলগেরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর এবার আবারও বিশ্বকাপের নকআউটে বড় ধাক্কা খেল জার্মানি। অন্যদিকে স্বপ্নের অভিযান অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠে আত্মবিশ্বাসে টগবগ করছে প্যারাগুয়ে।বিশ্বকাপে আবারও প্রমাণ হল—নামের জোর নয়, মাঠের লড়াইটাই শেষ কথা। আর সেই লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ইতিহাস লিখল প্যারাগুয়ে।
Images courtesy copy from Google images
