আগরতলা: আশি তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেম ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আগরতলার উমাকান্ত ফুটবল ময়দানে আয়োজিত হল প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচের আয়োজন করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও রাজ্য মৎস্য দপ্তর।
মাঠে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ মৎস্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। তাঁরা খেলোয়াড়দের উৎসাহিত করেন। পাশাপাশি খেলায় অংশগ্রহণ করেন। রুদ্ধশ্বাস এই ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলে। নির্ধারিত সময়ে মৎস্য দপ্তরের দল 1-0 গোলে জয়লাভ করে। খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে এ ধরনের আয়োজনে সকলের মন ছুঁয়ে গেছে।
