আগরতলা। ক্রীড়া সাংবাদিক বনাম আইনজীবীদের বন্ধুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে শেষ হাসি হাসলো আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।আজ সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বনাম ত্রিপুরা উচ্চ আদালতের আইনজীবীদের বন্ধুত্বপূর্ণ তথা রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বাজিমাত করে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব( এ এস জে সি)।

ম্যাচে ৩-১ গোলে জয় লাভ করে এ এস জে সি।খেলার প্রথমার্ধে সঞ্জিত দেববর্মণ এর গোলে এগিয়ে যায় উচ্চ আদালতের আইনজীবী একাদশ। কিন্তু খানিকটা সময় বাদেই খেলায় সমতা ফেরান এ এস জে সি র অধিনায়ক সন্তোষ গোপ(১-১)। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার লাগাম তুলে নেয় এ এস জে সি।

অমিত দেববর্মণ এবং জাকির হোসেনের গোলে এ এস জে সি ম্যাচ ৩-১ গোলে ছিনিয়ে নেয়।এদিকে ম্যাচ শুরুর আগে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি বি এন মজুমদার, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, টি এফ এর সভাপতি প্রনব সরকার, যুগ্ম সম্পাদক তপন সাহা এবং কৃষ্ণপদ সরকার, টি এফ এর আজীবন সদস্যদের একমাত্র সংগঠন ফোরাম ফর লাইফ মেম্বারস এর সভাপতি সুব্রত দত্ত চৌধুরী এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা অলক ঘোষ প্রমুখ।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বনাম ত্রিপুরা উচ্চ আদালতের আইনজীবী একাদশের এই বন্ধুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে রীতিমতো উত্সাহ সৃষ্টি হয়েছিল সকালে রাজধানীর উমাকান্ত মাঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *