আগরতলা।। প্রদেশ বিজেপির নবনির্বাচিত সভাপতি অভিষেক দেবরায় আজ আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এদিন তাঁকে সভাপতির আসনে বসিয়ে দায়িত্বভার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।দলীয় কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।
নবনিযুক্ত সভাপতিকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতারা।দায়িত্বভার গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি যুব কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার দিক নির্দেশনায় ত্রিপুরায় বিজেপিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করবে সংগঠন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন সভাপতি দলকে আরও শক্তিশালী করবেন।
একই সঙ্গে তিনি অভিষেক দেবরায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন।তিনি বলেন, বুথ সভাপতি থেকে ধাপে ধাপে উঠে এসে আজ প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়া বিজেপির সাংগঠনিক সংস্কৃতিরই প্রতিফলন। দল সর্বসম্মতিক্রমেই নতুন সভাপতির উপর আস্থা রেখেছে এবং অভিষেক দেব রায়ের নেতৃত্বে সংগঠন আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি সবসময় সংগঠনকে গুরুত্ব দিয়ে কাজ করে এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নতুন সভাপতির নেতৃত্বে সেই সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একইসঙ্গে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপি সরকার মানুষের পাশে থেকে কাজ করে যাবে বলে মন্তব্য করেন।
