আগরতলা।। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন জাতীয় কমিটি ঘোষণা করল বিজেপি। সোমবার ঘোষিত এই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ত্রিপুরা থেকে বড় দায়িত্ব পেলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁকে দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই পদে রয়েছেন বিনোদ তাওড়ে, সুনীল বংশল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সতীশ পুনিয়া, গজেন্দ্র প্যাটেল, হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। নতুন কমিটিতে জাতীয় সহ-সভাপতি পদে রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীর্থ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পণ্ডা, ডি পুরানদ্বেশ্বরী, রেখা বর্মা-সহ একাধিক নেতা।

জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন পদে বি এল সন্তোষ এবং জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন পদে শিবপ্রকাশ ও সওদান সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সম্পাদক পদেও একাধিক নেতাকে জায়গা দেওয়া হয়েছে। দলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় কার্যালয় ইন-চার্জ করা হয়েছে তরুণ চুগকে।

উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সম্বিত পাত্র এবং যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন রাজীব বব্বর। বিজেপির নতুন জাতীয় কমিটিতে বিপ্লব কুমার দেবের জাতীয় সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্তি ত্রিপুরা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ হিসেবে এবার দলের কেন্দ্রীয় সংগঠনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিপ্লব কুমার দেব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *