আগরতলা:বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ত্রিপুরায় এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার বিকেল ৪টায় সস্ত্রীক আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

তাঁর আগমন উপলক্ষে এদিন সকাল থেকেই বিমানবন্দর চত্বরে হাজার হাজার বিজেপি কার্যকর্তার ভিড় জমে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিপ্লব দেব বিমানবন্দরে পা রাখতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ‘ভারত মাতা কি জয়’, ‘বিপ্লব দেব জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা।বিমানবন্দরেই তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং দলের হাজার হাজার কার্যকর্তা।

উল্লেখ্য, ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতার পালাবদলের মূল নায়ক এবং বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকে এই প্রথম কেউ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের।বিমানবন্দর থেকে বিপ্লব কুমার দেবকে বিশাল বাইক মিছিল সহকারে নিয়ে আসা হয় রবীন্দ্র ভবনে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাঁকে অভিবাদন জানান।

রবীন্দ্র ভবনে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ মন্ত্রিসভার সকল সদস্য, বিধায়ক ও দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

সংবর্ধনার জবাবে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং ত্রিপুরার সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *