উদয়পুর :আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার মাতাবাড়ি ব্লকে বিজেপির মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিশাল মিছিল ও শক্তি প্রদর্শন করলো শাসক দল। এদিন মাতাবাড়ি ব্লক কার্যালয়ে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সেই উপলক্ষে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। মিছিলে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে গোটা এলাকা গেরুয়া শিবিরের দখলে চলে যায়। মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন, সারা রাজ্যে বিজেপির প্রতি মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে।তিনি বলেন, “রাজ্যে মার্কসবাদীদের আর কোনো জায়গা নেই, সেটা মানুষই বুঝিয়ে দিচ্ছে।
সিপিএম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”গতকাল বড়জলায় বিজেপির কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেখানে যে বিপুল জনসমাগম হয়েছে, তাতেই স্পষ্ট বিজেপি কতটা জনপ্রিয়।
প্রদেশ সভাপতির চাঞ্চল্যকর দাবি, “আগামী দুই-তিন মাসের মধ্যে মার্কসবাদী কমিউনিস্টরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে।”অভিষেক দেবরায়ের এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
